নাফ নদী থেকে অস্ত্রের মুখে চার বাংলাদেশি জেলেকে জিম্মি

 নাফ নদী থেকে অস্ত্রের মুখে চার বাংলাদেশি জেলেকে জিম্মি :


কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর মোহনা সংলগ্ন এলাকায় মাছ ধরার সময় চার বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারসহ অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ২০২৫) বেলা সাড়ে ১১টার দিকে শাহপরীর দ্বীপের গোলারচর মুখ এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের দক্ষিণ পাড়ার বাসিন্দা মো. হাসান (৩০), আব্দু রকিম (২০), মো. জাবের (২৬) এবং মো. হাসান (১৬)। তারা প্রতিদিনের মতো মাছ ধরতে গেলে মিয়ানমার দিক থেকে আসা একটি স্পিডবোট তাদের ট্রলার ঘিরে ফেলে এবং অস্ত্রের মুখে জিম্মি করে মিয়ানমারের অভ্যন্তরে নিয়ে যায়।

বিষয়টি জানার পর কোস্ট গার্ড, বিজিবি ও স্থানীয় প্রশাসন অপহৃতদের উদ্ধারে তৎপরতা শুরু করেছে এবং নাফ নদীতে নজরদারি বৃদ্ধি করেছে।

উল্লেখ্য, এর আগেও নাফ নদী ও সন্নিহিত এলাকায় জেলেদের অপহরণের ঘটনা ঘটেছে। গত বছরের ৬ অক্টোবর মিয়ানমার নৌবাহিনী ৬টি মাছ ধরার ট্রলারসহ ৫৮ জেলেকে অপহরণ করে, পরে তাদের ফেরত দেওয়া হয়। এছাড়া ১৫ অক্টোবর আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ বাংলাদেশি জেলেকে বিজিবি ফেরত এনেছিল।

সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।


আরো খবর পড়তে এখানে ক্লিক করুন 

Post a Comment

Previous Post Next Post